#বিদেশে_উচ্চশিক্ষার_প্রস্তুতি_পর্ব_১: এক বছর আগে থেকে যা যা করা প্রয়োজন
বিদেশে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীর জীবনের বড় স্বপ্ন। তবে এই স্বপ্ন পূরণ করতে হলে শুধুমাত্র ভালো ফলাফল নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং প্রতিটি ধাপ সম্পর্কে পরিষ্কার ধারণা।
✍️ ভালো CGPA ধরে রাখা
বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো প্রথমেই আবেদনকারীর একাডেমিক ফলাফল দেখে। তাই যতটা সম্ভব ভালো CGPA বজায় রাখা উচিত। এটি শুধু তোমার মেধার প্রমাণ নয়, বরং তোমার অধ্যবসায় ও ধারাবাহিকতা বোঝায়।
✍️ গবেষণার অভিজ্ঞতা অর্জন
তুমি যদি বিদেশে মাস্টার্স বা পিএইচডিতে পড়তে যেতে চাও, তাহলে গবেষণার অভিজ্ঞতা তোমার প্রোফাইলকে অন্যদের থেকে আলাদা করবে। প্রথমেই চেষ্টা করো নিজের বিভাগে কোনো গবেষণা দলের সঙ্গে যুক্ত হতে। ল্যাবে কাজ শেখো, সিনিয়রদের সহায়তা করো এবং ছোট ছোট প্রজেক্টে অংশগ্রহণ করো। এতে তুমি গবেষণার মৌলিক ধাপগুলো ব্যবহারিকভাবে শেখার সুযোগ পাবে। যদি তোমার বিভাগে গবেষণার তেমন সুযোগ না থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো রিসার্চ গ্রুপ, অধ্যাপক বা প্রজেক্ট টিমের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো। অনেক সময় ইমেইল করে বা অনলাইন কমিউনিটিতে সক্রিয় থেকে গবেষণার সুযোগ পাওয়া যায়। সম্ভব হলে তোমার কাজকে Web of Science বা Scopus ইনডেক্সড জার্নালে প্রকাশের চেষ্টা করো। এছাড়া কোনো আন্তর্জাতিক কনফারেন্সে পেপার সাবমিট করতে পারলে সেটিও বড় অর্জন। এতে শুধু গবেষণা নয়, বরং প্রেজেন্টেশন ও একাডেমিক যোগাযোগের দক্ষতাও বৃদ্ধি পায়।
✍️ বেসিক কম্পিউটার স্কিল
বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা মানেই ডকুমেন্ট, ডেটা, রিপোর্ট এবং প্রেজেন্টেশনের কাজ। তাই Microsoft Word, Excel এবং PowerPoint ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। এছাড়া টাইপিং স্পিড বাড়ানোও খুব গুরুত্বপূর্ণ। সম্ভব হলে LaTeX শেখার চেষ্টা করো। এটি তোমার লেখা ও রিপোর্টকে আরও প্রফেশনালভাবে সাজাতে সাহায্য করবে।
✍️ প্রোগ্রামিং ও ডেটা অ্যানালাইসিস
তুমি বিজ্ঞান, ব্যবসা বা মানবিক যে বিষয়েই পড়ো না কেন, ডেটা অ্যানালাইসিসের দক্ষতা এখন অপরিহার্য যোগ্যতা। বর্তমান গবেষণার বড় অংশই ডেটা অ্যানালাইসিস ও সিদ্ধান্তের উপর নির্ভর করে। Python বা R জানা থাকলে শুধু তোমার একাডেমিক কাজেই নয়, ভবিষ্যতে ক্যারিয়ারের ক্ষেত্রেও বড় সুবিধা দেবে। পাশাপাশি সম্ভব হলে SPSS বা STATA শেখার চেষ্টা করো।
✍️ ইমেইল লেখা
বিদেশি অধ্যাপক বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইমেইলই প্রধান মাধ্যম। তাই সংক্ষিপ্ত, বিনয়ী ও পেশাদারভাবে ইমেইল লেখার অভ্যাস গড়ে তোলো।
✍️ সিভি তৈরি
একটি ভালো সিভি তোমার একাডেমিক যাত্রার সংক্ষিপ্ত পরিচিতি। একাডেমিক সিভি এমনভাবে তৈরি করতে হবে যাতে একজন পাঠক এক নজরেই তোমার যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা বুঝতে পারে। সিভিতে অবশ্যই তোমার শিক্ষাগত যোগ্যতা, গবেষণা অভিজ্ঞতা, প্রজেক্ট, publication, কনফারেন্সে অংশগ্রহণ, সফটওয়্যার বা টেকনিক্যাল স্কিল এবং এক্সট্রা-কারিকুলার কার্যক্রম অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রতিটি অংশ যেন পরিষ্কারভাবে আলাদা সেকশনে লেখা হয়। সিভি তৈরি করার সময় অপ্রাসঙ্গিক তথ্য এড়িয়ে চলা উচিত। প্রতিটি অংশে তথ্যগুলো reverse chronological order অনুযায়ী সাজাও, অর্থাৎ সর্বশেষ অর্জনটি আগে লেখো। বানান, তারিখ এবং ফরম্যাটে সামঞ্জস্য বজায় রাখো।
✍️ রেফারেন্স ম্যানেজমেন্ট টুল
একাডেমিক লেখায় রেফারেন্স ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই EndNote, Zotero বা Mendeley এর মতো রেফারেন্স ম্যানেজমেন্ট টুল ব্যবহার শেখা অত্যন্ত দরকারি।এই টুলগুলো ব্যবহার করে তুমি খুব সহজেই রেফারেন্স সংরক্ষণ, সাজানো এবং যেকোনো জার্নালের citation style অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে reference তৈরি করতে পারবে।
✍️ ভলান্টিয়ার কার্যক্রম
বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র একাডেমিক ফলাফল নয়, বরং নেতৃত্ব, দলগত কাজের সক্ষমতা এবং সামাজিক সম্পৃক্ততাকেও মূল্যায়ন করে। তাই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন volunteer সংগঠনে যুক্ত হও। এছাড়া বিতর্ক, অলিম্পিয়াড, হ্যাকাথন, কুইজ প্রতিযোগিতা বা অন্য একাডেমিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। এগুলো তোমার আত্মবিশ্বাস, যুক্তি উপস্থাপনা দক্ষতা ও নেতৃত্বের মানসিকতা বাড়াবে। এসব অভিজ্ঞতা তোমার সিভিতে যুক্ত করলে বোঝা যায় তুমি কেবল একাডেমিকভাবে নয়, ব্যক্তিগত উন্নয়নেও মনোযোগী। তোমার অংশগ্রহণের প্রমাণ হিসেবে সার্টিফিকেট বা রেফারেন্স সংরক্ষণ করো। এগুলো স্কলারশিপ বা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন প্রক্রিয়ায় বাড়তি মূল্য দেয়।
✍️ সার্টিফিকেটে নামের মিল
তোমার নাম এবং তোমার বাবা-মায়ের নাম সব ডকুমেন্টে একইভাবে লেখা আছে কি না তা ভালোভাবে যাচাই করো। জন্মসনদ, সব সার্টিফিকেট, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সব জায়গায় বানান, স্পেস, বড় হাতের অক্ষর, ডট এবং শব্দের ক্রম যেন এক থাকে। নামের বানানে সামান্য পার্থক্য যেমন Md. বনাম Md বনাম Mohammad বনাম Muhammad বা Abdullah Al বনাম Abdullah-Al এগুলো পরবর্তীতে বড় জটিলতা তৈরি করতে পারে। একইভাবে জন্মতারিখ এবং স্থায়ী ঠিকানাও যেন সব ডকুমেন্টে অভিন্ন থাকে। যদি কোনো ডকুমেন্টে ভুল থাকে, তাহলে যত দ্রুত সম্ভব সংশোধনের আবেদন করো। প্রয়োজনে বোর্ড, বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশন অফিসে গিয়ে সংশোধন করে নাও।
✍️ পাসপোর্ট তৈরি বা নবায়ন
পাসপোর্টে নাম, জন্মতারিখ ও ঠিকানা যেন সব সার্টিফিকেট অনুযায়ী থাকে। পাসপোর্ট না করে থাকলে দ্রুত করে ফেলো। আর যদি আগে থেকেই থাকে, তাহলে ভালোভাবে চেক করে দেখো মেয়াদ আছে কি না। অনেক দেশে ভিসা আবেদন করার সময় পাসপোর্টে ন্যূনতম ৬ মাসের validity থাকতে হয়।
✍️ একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
SSC, HSC, অনার্স ও মাস্টার্স সব ডিগ্রির মূল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট আগে থেকেই সংগ্রহ করে রাখো। SSC ও HSC সার্টিফিকেট এবং মার্কশিট সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে নিতে হবে। অন্যদিকে, অনার্স ও মাস্টার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সংগ্রহ করতে হবে। গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো স্ক্যান করে Google Drive, Dropbox বা OneDrive–এ সংরক্ষণ করো, যাতে প্রয়োজনে যেকোনো সময় সহজে পাওয়া যায়।
✍️ শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ডকুমেন্ট অ্যাটেস্টেশন
এসএসসি (SSC) ও এইচএসসি (HSC) সার্টিফিকেট এবং নম্বরপত্রের মূল কপি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে অ্যাটেস্টেশন করে রাখো। সাধারণত বোর্ড অফিসে নির্ধারিত ফরম পূরণ করে একটি ফি জমা দিয়ে এই কাজটি করা যায়। এরপর অনার্স ও মাস্টার্সের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সত্যায়ন করো। সত্যায়নের সময় কর্মকর্তার সিল, স্বাক্ষর এবং তারিখ ঠিকভাবে আছে কিনা তা ভালোভাবে যাচাই করো। মূল কপির পাশাপাশি ৪–৫টি ফটোকপি সত্যায়ন করে রাখলে ভবিষ্যতে কাজে লাগবে।
✍️ শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাডেমিক ডকুমেন্ট অ্যাটেস্টেশন
বাংলাদেশ সরকার এখন সব ধরনের ডকুমেন্ট শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনলাইনে অ্যাটেস্টেশন করার সুযোগ দিয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি ওয়েবসাইট https://www[dot]mygov[dot]bd/-এ গিয়ে প্রথমে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর “বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন” অপশন নির্বাচন করতে হবে। সেখানে আবেদন ফরম পূরণের পর সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টসহ প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হয়। আপলোডের আগে প্রতিটি ফাইলের নাম ও ফরম্যাট সঠিক আছে কি না তা ভালোভাবে যাচাই করা জরুরি। আবেদন জমা দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তা শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যাচাইয়ের জন্য পাঠিয়ে দেয়। যাচাই সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইলে একটি SMS নোটিফিকেশন আসে। এরপর আবেদনকারী ওয়েবসাইটে গিয়ে নিজের একাউন্ট থেকে সত্যায়িত কপিগুলো ডাউনলোড করে সংরক্ষণ করতে পারে।
✍️ ম্যারেজ সার্টিফিকেট অ্যাটেস্টেশন
তুমি যদি বিবাহিত অবস্থায় বিদেশে পড়তে যেতে চাও এবং সঙ্গে বা কিছুদিন পর তোমার স্বামী/স্ত্রীকে নিয়ে যেতে চাও, তবে ম্যারেজ সার্টিফিকেটের Attestation অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে তোমার ম্যারেজ সার্টিফিকেটের ইংরেজি Copy স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (UNO), সিটি কর্পোরেশন অফিস অথবা নিবন্ধন অফিস থেকে সংগ্রহ করো। এরপর এটি নোটারি পাবলিক দিয়ে সত্যায়ন করাও। এরপর পরবর্তী ধাপে সনদটি Ministry of Law এবং পরে Ministry of Foreign Affairs জমা দিয়ে অ্যাটেস্টেশন সম্পন্ন করো। অ্যাটেস্টেশন সম্পন্ন হলে একটি স্ক্যান কপি ও কয়েকটি ফটোকপি সংরক্ষণ করে রাখো।
✍️ IELTS পরীক্ষার প্রস্তুতি
বিদেশে পড়াশোনার জন্য ভালো IELTS স্কোর আবশ্যক। কাঙ্ক্ষিত স্কোর তুলতে অনেক সময় একাধিকবার পরীক্ষা দিতে হয়। তাই অন্তত এক বছর আগে থেকে প্রস্তুতি শুরু করো। আইইএলটিএস প্রস্তুতিতে নিয়মিত অনুশীলনই সফলতার চাবিকাঠি।
✍️ GRE/GMAT বা SAT পরীক্ষার প্রস্তুতি
বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাইলে GRE, GMAT বা SAT পরীক্ষার প্রস্তুতি আগে থেকে নেওয়া ভালো। GRE (Graduate Record Examination) সাধারণত যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য প্রয়োজন হয়। GMAT (Graduate Management Admission Test) মূলত ব্যবসায় শিক্ষা, যেমন MBA বা Management সম্পর্কিত প্রোগ্রামের জন্য প্রয়োজন। SAT (Scholastic Assessment Test) ও ACT (American College Testing) মূলত আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের ভর্তি পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। SAT স্কোরের পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয় Essay অংশটিও বিবেচনা করে।
✍️ স্কলারশিপের ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ
প্রতিটি স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়ার আলাদা নিয়ম, যোগ্যতা ও সময়সীমা থাকে। তাই তোমার কাঙ্ক্ষিত স্কলারশিপগুলোর ওয়েবসাইট নিয়মিত ভিজিট করো। সেখানে কী ডকুমেন্ট লাগবে, কীভাবে আবেদন করতে হবে এবং কবে ডেডলাইন শেষ হবে সব তথ্য লেখা থাকে। এই তথ্যগুলো একটি নোটবুক বা Excel Sheet-এ লিখে রাখো, যাতে সময়সীমা ভুলে না যাও। অনেক বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ প্রোগ্রামে আবেদন জমা দেওয়ার সময় শেষ হওয়ার কয়েক সপ্তাহ আগেই রিভিউ শুরু হয়ে যায়। তাই সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করো। সময়সীমা মেনে চলা মানে শুধু সময় ব্যবস্থাপনা নয়, বরং এটি তোমার পেশাদারিত্ব ও একাডেমিক শৃঙ্খলার প্রতিফলন।
✍️ টার্গেট দেশের ভাষা
জার্মানি, জাপান, ফ্রান্স, কোরিয়া, চীন বা অন্য কোনো non-English speaking দেশে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে শুধুমাত্র ইংরেজি জানাই যথেষ্ট নয়। সেই দেশের ভাষার বেসিক শেখা তোমাকে অনেক দূর এগিয়ে দেবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শুরুতে যখন নতুন পরিবেশে মানিয়ে নিতে হবে, তখন স্থানীয় ভাষা জানা থাকলে শিক্ষক, সহপাঠী, এমনকি দোকানদারদের সঙ্গেও সহজে কথা বলা যায়। ভাষা শেখার আরও একটি বড় উপকারিতা হলো এটি তোমার রিসার্চ ও চাকরির সুযোগ বাড়ায়।
✍️ রেকমেন্ডেশন লেটার
বিদেশে উচ্চশিক্ষার আবেদন করার সময় Letter of Recommendation – LOR অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি তোমার একাডেমিক দক্ষতা, গবেষণায় আগ্রহ, কর্মনিষ্ঠা এবং ব্যক্তিত্ব সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষণা-সুপারভাইজারের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। নিজের বিভাগের দুই বা তিনজন শিক্ষককে আগে থেকেই জানিয়ে রাখো যে তোমার LOR প্রয়োজন হবে। এতে তারা সময় নিয়ে ভেবে তোমার একাডেমিক পারফরম্যান্স ও কাজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি শক্তিশালী রেফারেন্স লেটার লিখতে পারবেন। একটি ভালো রেফারেন্স লেটার অনেক সময় SOP বা CGPA থেকেও বেশি প্রভাব ফেলে।
✍️ SOP লেখার প্রস্তুতি নাও
Statement of Purpose (SOP) হলো তোমার পুরো একাডেমিক যাত্রার গল্প এবং ভবিষ্যৎ লক্ষ্য উপস্থাপনের মাধ্যম। SOP এমনভাবে লেখা উচিত, যাতে বুঝতে পারে কেন তুমি ওই বিষয়ে পড়তে চাও, কেন নির্দিষ্ট দেশ বা বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছ এবং কীভাবে তোমার পূর্বের শিক্ষা ও অভিজ্ঞতা এই প্রোগ্রামের সঙ্গে সম্পর্কিত। লেখা শুরু করার আগে নিজের অভিজ্ঞতা ও অর্জনগুলো তালিকা করো, তারপর খসড়া লিখে তা কয়েকবার সম্পাদনা করো। অভিজ্ঞ কোনো শিক্ষক, গবেষক, বা সিনিয়রের পরামর্শ নিলে লেখা আরও শক্তিশালী হবে। SOP কখনও অন্যের লেখা থেকে কপি করা যাবে না। অনেক বিশ্ববিদ্যালয় প্লেজিয়ারিজম সফটওয়্যার দিয়ে তা যাচাই করে।
✍️ রিসার্চ প্রপোজাল (Research Proposal)
বিদেশে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে গেলে অনেক সময়ই রিসার্চ প্রপোজাল জমা দিতে হয়। রিসার্চ প্রপোজাল একটি বিশ্ববিদ্যালয় বা প্রফেসরের কাছে তোমার গবেষণার যোগ্যতা, চিন্তাশক্তি এবং একাডেমিক আগ্রহের প্রতিফলন। প্রপোজাল লেখার সময় প্রথমে একটি স্পষ্ট গবেষণা প্রশ্ন নির্ধারণ করো। এরপর ব্যাখ্যা করো কেন এই গবেষণাটি গুরুত্বপূর্ণ, পূর্ববর্তী গবেষণায় কোথায় gap রয়েছে এবং তোমার গবেষণা কিভাবে সেই শূন্যস্থান পূরণ করতে পারে। রিসার্চ প্রপোজাল সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে লিখবে। প্রয়োজনে অভিজ্ঞ শিক্ষক, সিনিয়র বা সুপারভাইজারদের পরামর্শ নিয়ে এটি সংশোধন করো।
✍️ উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও প্রফেসর খোঁজা
বিদেশে উচ্চশিক্ষায় সফল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হলো সঠিক বিশ্ববিদ্যালয় ও উপযুক্ত প্রফেসর নির্বাচন করা। কারণ ভালো প্রতিষ্ঠান এবং অভিজ্ঞ সুপারভাইজার তোমার গবেষণার মান ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে বড় ভূমিকা রাখে। প্রথমে নিজের গবেষণার ক্ষেত্র বা একাডেমিক আগ্রহ স্পষ্টভাবে নির্ধারণ করো। এরপর সেই বিষয়ের সঙ্গে সম্পর্কিত বিশ্ববিদ্যালয়গুলো খুঁজে বের করো। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাধারণত Faculty, Research বা People নামে আলাদা option থাকে। সেখানে গিয়ে দেখো কোন অধ্যাপক কোন বিষয়ে কাজ করছেন, তাদের গবেষণার মূল ক্ষেত্র কী এবং সাম্প্রতিক publication কী বিষয়ে হয়েছে। যখন উপযুক্ত প্রফেসর খুঁজে পাবে, তখন একটি সংক্ষিপ্ত, ভদ্র এবং পেশাদার ইমেইল লেখো। সেখানে নিজের নাম, বর্তমান পড়াশোনা, গবেষণার আগ্রহ এবং কেন তুমি তার অধীনে কাজ করতে চাও তা স্পষ্টভাবে উল্লেখ করো। ইমেইলের সঙ্গে নিজের সিভি (CV) এবং প্রয়োজনে রিসার্চ প্রপোজাল (Research Proposal) সংযুক্ত করতে পারো। উত্তর না পেলে হতাশ না হয়ে ধৈর্য ধরো এবং সময়মতো ফলো-আপ দাও।
✍️ রান্না শেখা
বিদেশে পড়তে গেলে অনেক শিক্ষার্থীই শুরুতে যে সমস্যায় সবচেয়ে বেশি পড়ে তা হলো খাবার সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই নিজের রান্না নিজেকেই করতে হয়। তাই দেশেই থাকাকালীন সময়ে কিছু সাধারণ খাবার যেমন ভাত, ডাল, সবজি, ডিম, চিকেন বা সহজ কারি রান্না শিখে ফেলো। এটি তোমার স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে সাহায্য করবে। রান্না শেখা মানে একধরনের স্বনির্ভরতার চর্চা।
✍️ ড্রাইভিং লাইসেন্স
বিদেশে থাকলে অনেক সময় যাতায়াত, পার্ট-টাইম কাজ বা ট্রাভেলের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যন্ত উপকারী। যদি সম্ভব হয় দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখো। আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকলে আরও সুবিধা।
✍️ ব্যাংক সলভেন্সি ও ট্রানজেকশন হিস্ট্রি
Self-funding-এ আবেদন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংক সলভেন্সি ও ট্রানজেকশন হিস্ট্রি। এটি মূলত প্রমাণ করে যে তুমি বা তোমার অভিভাবক বিদেশে পড়াশোনা ও জীবনযাপনের খরচ বহন করার আর্থিক সক্ষমতা রাখো। সাধারণত দূতাবাস বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত ছয় মাসের ব্যাংক ট্রানজেকশন হিস্ট্রি দেখতে চায়। এই সময়ের মধ্যে ব্যাংক হিসাবটি নিয়মিত ব্যবহৃত হওয়া উচিত। অর্থাৎ, সেখানে নিয়মিত লেনদেন, আয়-ব্যয় ও ব্যালেন্সের ধারাবাহিকতা থাকা জরুরি। হঠাৎ করে বড় অঙ্কের টাকা জমা দেওয়ার পরিবর্তে ছোট ছোট নিয়মিত লেনদেন ভিসা অফিসার বা স্কলারশিপ বোর্ডের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়। কারণ এটি প্রমাণ করে যে তোমার অর্থের উৎস স্বাভাবিক ও ধারাবাহিক, কোনো আকস্মিক বা অস্বাভাবিক উৎস নয়। Full Free Funding বা full স্কলারশিপের ক্ষেত্রে সাধারণত এই ডকুমেন্টগুলো অনেক সময় প্রয়োজন হয় না।
✍️ ভিসা প্রক্রিয়া
প্রতিটি দেশের ভিসা প্রক্রিয়া আলাদা। তাই আগে থেকেই তাদের সরকারি ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য পড়ে রাখো এবং ডকুমেন্টগুলো সঠিকভাবে প্রস্তুত করো। প্রয়োজনে অভিজ্ঞ সিনিয়র বা যারা ওই দেশে আগে পড়তে গেছে তাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারো। অনেক সময় বাস্তব অভিজ্ঞতা অফিসিয়াল নির্দেশনার চেয়ে বেশি সহায়ক।
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ নয়। আবার এটি অসম্ভবও নয়। তোমার ভবিষ্যৎ তোমার নিজের হাতে!
আজ যে পরিশ্রম তুমি করছো, সেটাই আগামীকাল তোমাকে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের দরজায় পৌঁছে দেবে!
- সরকারি ওয়েবসাইট: https://www.mygov.bd/
---------------
Azizul Haque
সহকারী অধ্যাপক
Yeungnam University, দক্ষিণ কোরিয়া
0 Comments